চিফ হুইপের সমাবেশ নিয়ে যা হলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর বাউফল উপজেলার নওমালা আবদুর রশিদ খান ডিগ্রি কলেজে অর্ধবার্ষিক পরীক্ষা চলছে। গত শনিবার ছিল বাংলা বিষয়ের পরীক্ষা। পরীক্ষা শেষ হওয়ার এক ঘণ্টা আগে শিক্ষার্থীদের নিয়ে যাওয়া হয় চিফ হুইপের সমাবেশে। এমনকি যে বিদ্যালয়ের মাঠে সমাবেশ, সেই বিদ্যালয়ের পাঠদান বন্ধ করে শিক্ষার্থীদের সমাবেশে থাকতে বাধ্য করা হয়। শুধু তা-ই নয়, সমাবেশ উপলক্ষে এলাকার আরও ২৩টি শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি দিয়ে শিক্ষার্থীদের সমাবেশে উপস্থিত থাকতে বাধ্য করা হয়েছে।
দলীয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্বনির্ধারিত সময় অনুযায়ী শনিবার ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী সমাবেশ আহ্বান করা হয় নওমালা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে। সকাল ১০টায় সমাবেশ শুরু হয়। চলে বেলা সাড়ে তিনটা পর্যন্ত। জাতীয় সংসদের চিফ হুইপ ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ স ম ফিরোজ সমাবেশে প্রধান অতিথি ছিলেন।
নাম প্রকাশ না করার শর্তে একটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, ‘সমাবেশে শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিত থাকার জন্য আওয়ামী লীগের পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছে এবং বিদ্যালয়ের পক্ষ থেকে ব্যানার করার জন্য এক হাজার করে টাকাও দিয়েছে।’
একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, ‘ভাই, সবই তো বোঝেন। সবাই বাধ্য হয়ে চাকরি বাঁচানোর জন্য ওই সভায় যোগদান করেছি। শিক্ষার্থী কিংবা পরীক্ষার্থীদের কী ক্ষতি হলো না হলো, তা তো নেতাদের বিবেচ্য বিষয় নয়।’
নওমালা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. রত্তন আলী মৃধা বলেন, কিছু অতি উৎসাহী নেতার নির্দেশে প্রাথমিক, মাধ্যমিক ও কলেজ স্তরের শিক্ষক-শিক্ষার্থীরা আওয়ামী লীগের সভায় উপস্থিত হয়েছে। তবে তিনি কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উপস্থিত হওয়ার জন্য বলেননি বলে দাবি করেন।
মুঠোফোন না ধরায় নওমালা আবদুর রশিদ খান ডিগ্রি কলেজের পরিচালনা কমিটির সভাপতি, নওমালা ইউপির চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. কামাল হোসেন বিশ্বাসের সঙ্গে এ বিষয়ে কথা বলা সম্ভব হয়নি। একই কারণে আ স ম ফিরোজের সঙ্গে কথা বলা যায়নি।